ইউটিউব টিভিতে ফিরলো ইএসপিএন, এবিসি

২০ ডিসেম্বর, ২০২১ ০৮:৩৭  
ইউটিউব টিভি এবং ডিজনির মধ্যে যতো তাড়াতাড়ি যুদ্ধ শুরু হয়েছিলো, হয়তো ততো তাড়াতাড়িই শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যেই উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি হয়েছে, যার মাধ্যমে ইএসপিএন, এফএক্স এবং অন্যান্য ডিজনি চ্যানেল পুনরায় ইউটিউবের স্ট্রিমিং সেবায় ফিরে আসবে। খবর এনগ্যাজেট। ইতিমধ্যেই ডিজনির মালিকানাধীন চ্যানেলগুলোর যেকোনো রেকর্ডিং দেখা যাচ্ছে। রবিবার অথবা সোমবারের মধ্যে স্থানীয় এবিসি স্টেশনও দেখা যাবে বলে জানা গেছে। আর ডিজনি চ্যানেলগুলো ফিরে আসায় ইউটিউব টিভির সাবস্ক্রিপশন ফি পুনরায় ৬৫ ডলারে ফিরে এসেছে। তবে ইউটিউব টিভি জানিয়েছে, সকল ভুক্তভোগী গ্রাহক একবারের জন্য ১৫ ডলার ছাড় পাবেন। বিস্তারিত তাদেরকে ইমেইলে জানানো হবে বলেও উল্লেখ করা হয়। এর আগে গত ১৮ ডিসেম্বর মিডিয়া জায়ান্ট ও ইউটিউব টিভির মধ্যে চ্যানেল ক্যারিজ ফিস সম্পর্কিত মধ্যস্থতা না হওয়ায় ডিজনি চ্যানেলগুলো বন্ধ করে দেয়া হয়। এতে এক পক্ষ অন্য পক্ষকে দোষারোপ করতে শুরু করে। অবশেষে সেটি শেষ হতে যাচ্ছে। ডিবিটেক/বিএমটি